
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই লোকজন আসতে শুরু করেছেন। তবে দুপুরের পরে থেকেই ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দিতে আসা মানুষের ঢলে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট।
শনিবার (১২ এপ্রিল) দুপুর থেকে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর ও শাহবাগ এলাকা ঘুরে যানজটের চিত্র দেখা যায়
সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিজয় সরণি মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর ও শাহবাগে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে অংশ গ্রহণকারীরা।
কর্মসূচিতে অংশ নিতে বাসে, পিকআপ, রিকশা ও পায়ে হেঁটে আসতে দেখা গেছে।
মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে বিপুল মানুষের জমায়েতের প্রত্যাশা করা হচ্ছে।
এ কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তা যোগ দেবেন
বিএনপির পক্ষে কর্মসূচিতে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
এদিকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ফেসবুক পেজে ‘মার্চ ফর গাজা’র পক্ষে সংহতি জানিয়ে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির কথা জানানো হয়েছে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইলিয়াস কাঞ্চন, ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, হাসনাত আবদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, মাহমুদ উল্লাহ রিয়াদ, মাহমুদুর রহমান, মুফতি সৈয়দ ফয়জুল করিম, সাদিক কায়েম, এস এম ফরহাদ, রাতুল খান ও শায়খ আহমাদুল্লাহ রয়েছেন।
বিকেল ৩টায় কর্মসূচি থাকলেও এদিন সকাল থেকেই লোকজন মিছিল নিয়ে আসছেন। কেউ কেউ ব্যক্তিগতভাবেও সমাবেশে যোগ দিচ্ছেন।
রাজধানী ঢাকা ছাড়াও ঢাকার বাইরে থেকেও বিভিন্ন সংগঠনের লোকজন মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে আসছেন।