রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা এলাকার ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ে ভূমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গোলাম সারোয়ার বলেন, স্থানীয় একটি চক্র জালিয়াতির মাধ্যমে ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে। অভিযোগে বলা হয়, অভিযুক্তদের মধ্যে কাজী আলাউদ্দিনসহ তার সহযোগীরা রয়েছেন, যারা নিজেদের প্রভাব খাটিয়ে জমি দখল, চাঁদা দাবি এবং ভয়ভীতি প্রদর্শন করছেন।
ভুক্তভোগীরা দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।তারা আরও বলেন, “আমরা ও আমাদের পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জীবন ও বসতভিটা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।