দৈনিক দেশের মুখ ডেস্ক
ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া, বেরন চিত্রশাইল, গাজিরচট, তেতুলতোলা ও ভাদাইল এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসা দুর্ধর্ষ ডাকাত, অটোরিকশা ছিনতাইকারী, মাদক কারবারি ও সন্ত্রাসী চক্রের মূল হোতা কুখ্যাত “কাইল্লা শাকিল”কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্প।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম জীবন বাজি রেখে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কাইল্লা শাকিল ও তার সহযোগীরা পালানোর চেষ্টা করলে পুলিশ কৌশলী অবস্থান নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশের সাহসী ও পেশাদারী ভূমিকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
স্থানীয়দের অভিযোগ, কাইল্লা শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় একটি শক্তিশালী অপরাধী সিন্ডিকেট গড়ে তোলে। তার নেতৃত্বে অটোরিকশা ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। বিশেষ করে রাত নামলেই জামগড়া, গাজিরচট, তেতুলতোলা ও ভাদাইল এলাকার সাধারণ মানুষ আতঙ্কে চলাফেরা করতেন।
এলাকাবাসী জানান, কাইল্লা শাকিলের গ্রেফতারের খবরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই জামগড়া পুলিশ ক্যাম্পের এই সাহসী পদক্ষেপকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।
বর্তমানে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্প অপরাধীদের কাছে এক আতঙ্কের নামে পরিণত হয়েছে। দুর্ধর্ষ ডাকাত, ছিনতাইকারী, মাদক কারবারি, সন্ত্রাসী ও ফিটিংবাজদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে ক্যাম্পটি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। অপরাধ দমনে তাদের কঠোর অবস্থানের কারণে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, জামগড়া পুলিশ ক্যাম্পের এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকলে খুব দ্রুতই আশুলিয়ার বিভিন্ন এলাকা সন্ত্রাস, মাদক ও ছিনতাইমুক্ত হবে। একইসাথে সাধারণ মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন।
এদিকে কাইল্লা শাকিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।