নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ
“ভোগান্তির আরেক নাম এশিয়ান হাইওয়ে সড়ক এবং ঢাকা-সিলেট মহাসড়ক| এ সড়ক দুটিতে ভোগান্তি যেন রূপগঞ্জবাসীর ললাটের লিখন| এ ভোগান্তি থেকে এলাকাবাসী কবে যে নিস্তার পাবে আল্লাহ ই ভাল জানেন| সামনে ঈদ আসছে| যাত্রী সাধারনের পাশাপাশি ঈদে কোরবানীর পশুও পরিবহন করা হবে এ রাস্তায়| এখনই যে অবস্থা ঈদে না জানি কি হয়?” এমনি কওে কথাগুলো বলছিলেন বাসযাত্রী ভুক্তভোগী সিয়াম মিয়া|
রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) ও ঢাকা-সিলেট মহাসড়কে চার লেনে উন্নীতকরণের কাজ চলমান| এবারের ঈদে যাত্রী ও পশুবাহী যানবাহন চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে| গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর চৌরাস্তা এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে ভুলতা পর্যন্ত সড়ক দুটিতে উন্নয়ন কাজ চলায় বেশ কিছু স্থানে যানজট এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে|
ঈদে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং পশুবাহী যানবাহন যেন কোনো ভোগান্তিতে না পড়ে, সেজন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে| সার্বক্ষণিক ট্রাফিক ও হাইওয়ে পুলিশের পাশাপাশি সড়কে থাকবে রূপগঞ্জ থানা পুলিশের বেশ কয়েকটি টিম| এবার সড়কে বিপুল পরিমাণ ¯ে^চ্ছাসেবীও নিয়োজিত থাকবে|
কোরবানির ঈদকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলার এই দুটি মহাসড়কে গরুবোঝাই ট্রাকসহ বাড়তি যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারনা করা হচ্ছে| রাজধানী থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলগামী আট জেলার মানুষের বাড়ি ফেরার একমাত্র পথ ঢাকা-সিলেট মহাসড়ক| এই সড়কের রূপগঞ্জ অংশের ১২ কিলোমিটারের পাঁচটি পয়েন্টে এবং এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের রূপগঞ্জ অংশের ১৪ কিলোমিটার সড়কে চার লেনের কাজ চলছে| ঝুঁকি নিয়েই মানুষজন যাতায়াত করছে|
রাস্তার সংস্কার কাজের কারণে সড়ক সরু হয়ে পড়া ও বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ায় দুই সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে| এতে মাত্র ২০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা| সড়কের এই সংস্কারের মাঝেই অপরিকল্পিতভাবে কাঞ্চন সেতুর টোল আদায়ের কারণে যানজটের তীব্রতা আরও বাড়ছে| ফলে দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন|
ভুক্তভোগীরা বলছেন, রামপুরা-নগরপাড়া-ভুলতা সড়কের কাজ হলে এসব সমস্যা অনেকটাই কমে যেত| সড়কের যেসব স্থানে প্রতিনিয়ত ভোগান্তির সৃষ্টি হচ্ছে, দ্রুত সেসব স্থানে যদি প্রশাসনের সঠিক নজরদারি না পড়ে, তবে ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফেরা মানুষ এবং উত্তরবঙ্গ থেকে আসা পশুবাহী ও চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী যানবাহনগুলোকে অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হবে|
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন, সংস্কার কাজের জন্য কিছুটা সমস্যা হচ্ছে| তবে ঈদে কোরবানির পশু বোঝাই যানবাহনসহ যাত্রীবাহী ও পণ্যবাহী বিভিন্ন ধরনের গাড়ি যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেজন্য ট্রাফিক ও হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ কাজ করবে| জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনার ব্যবস্থা করা হয়েছে| তিনি আশা প্রকাশ করে বলেন, রামপুরা-নগরপাড়া-ভুলতা সড়ক নির্মাণ হলে মানুষের ভোগান্তি অনেক কমে যাবে|