শাহ্ মুহাম্মদ ছগির হোসেন, নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের উদ্যোগে চাষাঢ়া শহীদ মিনারে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলার সকল গার্মেন্টস শ্রমিক সংগঠন সমুহ এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি অঞ্জন দাস, গার্মেন্টস সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহিন, বাংলাদেশ লেবার ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি শাহজাহান প্রধান, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়নগঞ্জ জেলা সভাপতি আবু সুফিয়ান, তাঁতি দলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ উজ্জ্বল, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্র কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, শ্রমিক জাগরণ মঞ্চের সাধারণ সম্পাদক এডভোকেট জেসমিন আক্তার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়নগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এ এইচ রবিউল ইসলাম, টেক্সটাইল গার্মেন্টস ওয়ারকার্স ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন চৌধুরী, ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আবু সাঈদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ শরীফ আহমেদ এবং শ্রমিক নেতা রনি।
সভায় বক্তারা নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকদের অবহেলিত, নির্যাতিত এবং বঞ্চিত হওয়ার তীব্র নিন্দা জানান। তারা বলেন, ক্রনি অবন্তি গ্রুপের সকল বকেয়া বেতন এবং বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধ করে বন্ধ গার্মেন্টস কারখানা অবিলম্বে খুলে দিতে হবে।
বক্তারা আরও অভিযোগ করেন যে, কলকারখানা পরিদর্শন ও অধিদপ্তরের উপর মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ এবং সহকারী পরিদর্শক ওমর ফারুক দালাল সিন্ডিকেটের সাথে জড়িত। তারা এই দুই কর্মকর্তার অবিলম্বে অপসারণ দাবি করেন এবং কলকারখানা পরিদর্শন অধিদপ্তরকে দালাল সিন্ডিকেট মুক্ত করার আহ্বান জানান।
সামনে পবিত্র ঈদুল ফিতর। তাই ঈদের ছুটির পূর্বেই সকল শ্রমিকের পূর্ণ বেতন ও বোনাস পরিশোধ করার জোর দাবি জানানো হয়। শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সভায় সভাপতিত্ব করেন এম এ শাহিন এবং সভা পরিচালনা করেন মোঃ শরীফ আহমেদ। প্রতিবাদ সভায় নারায়নগঞ্জের বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকরা অংশ নেন।