মোঃ মাহফুজুর রহমান ফরহাদ, ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় নিহত মনির হোসেন, তার স্ত্রী ও তাদের ছয় বছর বয়সী সন্তান।কিশোরগঞ্জের মিঠামইনে চালবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী এবং তাদের ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন।
সোমবার (২৫ মে) রাত সাড়ে ৭টার দিকে মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের কাস্তল ভাতশালা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি এলাকার সাফাজ উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ছয় বছর বয়সী ছেলে আয়ান।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে অষ্টগ্রামের দিক থেকে মিঠামইনের দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন আসছিলেন। এসময় চালবোঝাই একটি পিকআপ ভ্যান মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে যাচ্ছিল। ভাতশালা ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী, স্ত্রী ও তাদের ছয় বছর বয়সী সন্তান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপটি আটক করেন এবং চালককে পুলিশের হাতে তুলে দেন।