নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ
সাধারণত বর্ষা মৌসুমে ফোটা কদম ফুল এবার বর্ষা আসার আগেই শোভা পাচ্ছে রূপগঞ্জের বিভিন্ন এলাকায়। বর্ষার আগমনী বার্তা হিসেবে পরিচিত এ ফুলের অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে উপজেলার গ্রামাঞ্চল, সড়কের পাশ, খাল-বিলের তীর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থানের কদম গাছে ফুটেছে সাদা-হলুদ রঙের কদম ফুল। গাঢ় সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা ফুলগুলো প্রকৃতিতে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই গাছের নিচে ভিড় করছেন, ছবি তুলছেন এবং স্মৃতি ধরে রাখছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত বর্ষা এলেই কদম ফুল ফুটতে দেখা যায়। তবে এবার বর্ষা শুরু হওয়ার আগেই গাছে গাছে কদম ফুল ফুটেছে। অনেকেই এটিকে বর্ষার আগমনী বার্তা হিসেবে দেখছেন।
প্রকৃতিপ্রেমী আওলাদ ভুইয়া বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কদমসহ দেশীয় গাছ লাগানোর উদ্যোগ বাড়ানো প্রয়োজন। দেশীয় গাছপালা সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে।”
কদম ফুল বর্ষা ঋতুর অন্যতম পরিচিত ফুল। তবে এবার জ্যৈষ্ঠ মাসের শুরুতেই ফুলটি ফুটতে দেখা গেছে। ফলে প্রকৃতির এই পরিবর্তন অনেকের নজর কাড়ছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের কাছে ফুলটি বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, “কদম ফুল বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত বর্ষা মৌসুমে এ ফুল ফোটে। তবে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত প্রভাবের কারণে বর্তমানে গ্রীষ্মকালেও কদম ফুল ফুটতে দেখা যায়।”