নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রিয় শিক্ষক ও সহপাঠীদের কাছে পেয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সাবেক শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুন) রূপগঞ্জের মুড়াপাড়া জমিদার বাড়ির পাশে মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেউ পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগ দেন, আবার কেউ দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন। বিদ্যালয় প্রাঙ্গণে ছিল ফটোসেশন, সেলফি ও আড্ডার প্রাণবন্ত আয়োজন।
সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, গুণীজনদের সংবর্ধনা, ১২৫টি বেলুন উড়ানো এবং শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করার মধ্য দিয়ে বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
“১২৫তম বর্ষপূর্তিতে এসো মিলি হৃদয়ের টানে” এবং “১২৫তম বর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐক্যতান” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ হাজারেরও বেশি সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন। এ উপলক্ষে স্মারকগ্রন্থ ‘কালের যাত্রার ধ্বনি’ প্রকাশ করা হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
১৯৮৩ সালের এসএসসি পরীক্ষার্থী ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া বলেন, ১৯০১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এ প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২৫তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন।
সভাপতির বক্তব্যে কাজী মনিরুজ্জামান বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫তম বর্ষপূর্তি শুধু সময়ের পরিমাপ নয়, এটি ঐতিহ্য, সাফল্য এবং অসংখ্য মানুষের ভালোবাসার প্রতিফলন। এ বিদ্যালয় থেকে গড়ে উঠেছেন অনেক মেধাবী ও দেশপ্রেমিক মানুষ, যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শোর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।