এম. ইউছুফ, চট্টগ্রাম
১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ার পর লালদীঘি ময়দানে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে মহানগর জামায়াত।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সমাবেশের কারণে চট্টগ্রামের লালদীঘি মাঠ লোকে লোকারণ্য হয়।
রোববার(১৪ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সমাবেশস্থলের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিক বোতল, ব্যানার, পলিথিন কাগজও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করেন।
ঐতিহাসিক লালদীঘি ময়দানের পরিবেশ যাতে পরিচ্ছন্ন ও বাসযোগ্য থাকে, সে লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এসময় অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জনসমাগমের আয়োজনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখা একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব।
ইসলামের শিক্ষা মানুষকে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রতি উদ্বুদ্ধ করে। তাই একটি বৃহৎ সমাবেশ আয়োজনের পর স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে যাওয়া আমাদের সাংগঠনিক সংস্কৃতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, দেশের নাগরিক হিসেবে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজ ও রাষ্ট্র গঠনের পাশাপাশি পরিবেশবান্ধব কর্মকাণ্ডেও জামায়াতের নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী অংশগ্রহণ করেন।