চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) কনটেইনার ওঠানো-নামানোর একটি যন্ত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ইউনিট দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।
বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ বলেন, রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন বা আরটিজির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। বেলা সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপে চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দরের কর্মকর্তারা জানান, আগুনের ঘটনায় ঘটনাস্থলের একাংশে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ ছিল।