মোঃ নজরুল ইসলাম রাজা, ঝালকাঠি জেলা প্রতিনিধি
গৌরবের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। ঝালকাঠি এনএস কামিল মাদরাসা দেশসেরা মাদরাসা হিসেবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে।আজ (৩০ জুন, ২০২৬) ঢাকার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত “অধিভুক্ত ফাযিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬”-এ এই গৌরবময় পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতিতে ঝালকাঠি এনএস কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ, হযরত মাওলানা মুফতী গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম এই অনন্য ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এমপি এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান যৌথভাবে অধ্যক্ষ মহোদয়ের হাতে এই সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।
এই গৌরবময় অর্জনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মাদরাসার শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, "আলহামদুলিল্লাহ! এটি আমাদের প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্ব ও গৌরবের আরও এক ধাপ অগ্রগতি।" শিক্ষা ও শৃঙ্খলার মান ধরে রেখে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।