মোঃশিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর
অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪১টি ভুয়া (ঘোস্ট) মোবাইল সিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও চারজনকে পলাতক আসামি করে নতুন জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর মৌজায় বাসস্ট্যান্ড ওভারপাসের নিচে পাকা সড়ক থেকে মো. আতিকুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেন। তিনি পীরগঞ্জ উপজেলার একবারপুর পূর্বপাড়া গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।
অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ৪১টি ভুয়া (ঘোস্ট) মোবাইল সিম উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ দাবি করছে, এসব সিম অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ২৪/২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আরও চারজনকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।