মোঃশিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ,রংপুর
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং পাঁচগাছী ইউনিয়নের ভেলামারি বাংনি বিলের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকাসহ শিক্ষা প্রতিষ্টানের মাঠ।এছাড়াও অন্তত সাতটি গ্রামের হাজারোও মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।গত কয়েকদিনে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে অত্র এলাকার স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন পাচকাউনি, জাহাঙ্গীরাবাদ, আমোদপুর, কাজিপাড়া, পাইকান, নাইয়াপাড়া, কুলুবন ও মোজাফফরপুর গ্রামের বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ায় গ্রামের রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছে না। রান্নাবান্না, বিশুদ্ধ পানির সংকট এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরাও ক্ষতির মুখে পড়েছেন।
এলাকাবাসী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হলেও স্থায়ী কোন সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
পানিবন্দী মানুষের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় ও ত্রাণ সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। বিশেষ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা এবং বন্ধ হয়ে যাওয়া খাল-নালা ও কালভার্ট সংস্কারের দাবি জানান তারা।
স্থানীয়দের ভাষায়, আমরা এখন মানবেতর জীবনযাপন করছি। দ্রুত সরকারি সহায়তা ও স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।