রূপগঞ্জ প্রতিনিধি
দাফনের আড়াই বছর পর পূর্বাচল উপশহরের বরকাউ গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইমন হোসেনের (৪২) লাশ ময়না তদন্তের জন্য গতকাল ২৯জুলাই মঙ্গলবার কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহানের তত্ত্বাবধানে আনসার, রূপগঞ্জ থানা পুলিশ, ঢাকা জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে কালনী এলাকার পূর্বাচলের কেন্দ্রীয় কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। নিহত ইমন হোসেনের পিতা মজিবুর রহমানের দায়েরকৃত হত্যা মামলার প্রেক্ষিতে ওই প্রবাসীর লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের খবরে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০০৬সালে পূর্বাচলের বরকাউ গ্রামের মজিবুর রহমানের ছেলে ইমন হোসেনের (৪২) সঙ্গে রাজধানীর কেরানীগঞ্জ থানার পূর্ব মুগারচর গ্রামের হযরত আলীর মেয়ে রানু আক্তারের (৩২) বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ছেলে রাহাত মিয়া ও মেয়ে ইসরাত জাহান। গত ৪/৫বছর ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই মধ্যেই ইমন হোসেন মালয়েশিয়ায় চলে যায়।
২০২৪সালের ১৮জানুয়ারি ইমন হোসেন মালয়েশিয়া থেকে ফিরে আসে। ১৯জানুয়ারি ইমন হোসেন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মহাখালী কলেরা হাসপাতালে ভর্তি হন। ২০জানুয়াারি দুপুর আড়াইটায় ইমন হোসেন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে একই দিনে সন্ধ্যায় ইমন হোসেনের লাশ কালনী এলাকার পূর্বাচলের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে ২০২৪সালের ২২এপ্রিল ইমন হোসেনের পিতা বাদী হয়ে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে ইমন হোসেনকে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ এনে ঢাকা জেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৩নম্বর আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় ইমন হোসেনের স্ত্রী রানু আক্তার (৩২), শ্বশুর হযরত আলী (৬০), শাশুড়ি পিয়ারা বেগম (৫২) ও শ্যালক ভুলু মিয়াকে (২৮) আসামি করা হয়েছে। কেরানীগঞ্জ থানার সিআর মামলা নং-৩২৩/২০২৪ ও দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আদালত বিষয়টি আমলে নিয়ে লাশ উত্তোলনসহ ঘটনার তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করছে।
মামলার বাদী মজিবুর রহমান অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে ও ইমন হোসেনের অর্থ-সম্পদ হাতিয়ে নিতে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান বলেন, আদালতের নির্দেশে ইমন হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়না তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।