
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলায় ইউএনও’র (উপজেলা নির্বাহী কর্মকর্তা) নাম ভাঙিয়ে এক বাড়িতে হামলা চালিয়ে প্রাচীর ভাঙচুর এবং মালামাল লুটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসানের বিরুদ্ধে।
অভিযোগকারী ধুরিয়াইল গ্রামের মৃত এসকেন্দার আলী সরদারের ছেলে মনির সরদার জানান, টরকী বন্দর ছাগলহাট এলাকার তার বাড়িতে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শরীফ শাহাবুব হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা চালায়। এসময় তারা ভাড়াটিয়াদের জিম্মি করে বাড়ির চারপাশে দেয়া টিনের বাউন্ডারি (প্রাচীর) ভেঙে ফেলে এবং ইউএনও’র নির্দেশে এটি করা হয়েছে বলে দাবি করে। হামলাকারীরা ২-৩টি ভ্যানযোগে ঘরের মালামাল লুট করে নিয়ে যায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় মনির সরদার গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শরীফ শাহাবুব হাসান বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবে শুনেছি মনির সরদার আবার টিনের প্রাচীর দিয়েছেন।”
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান বলেন, “বাউন্ডারি ভাঙার নির্দেশ আমি বা আমার কারও পক্ষ থেকে দেয়া হয়নি। এটি সম্পূর্ণ মনগড়া কথা। যদি কেউ প্রশাসনের নাম ভাঙিয়ে এ ধরনের কর্মকাণ্ড করে থাকে, তাহলে তার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”