
মোঃ রমজান আলী, মহেশখালী (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা: মহেশখালীতে চোর সন্দেহে মোহাম্মদ ফয়সাল (২৮) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিঠের উপর ইট রেখে উপর্যুপরি লাঠির আঘাত ও পিটিয়ে হত্যার ঘটনায় মহেশখালী থানা পুলিশ রিফাত মোহাম্মদ তকি নামে এক যুবককে আটক করেছে।
১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে চোর সন্দেহে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারের পশ্চিমে মধ্যম ফকিরাঘোনা এলাকার মোঃ বাদশা ও ছাবেকুন্নাহারের ছেলে মোহাম্মদ ফয়সালকে পিঠিয়ে হত্যা করেছে।
স্বজনদের ভাষ্য, ফয়সাল দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল জানান, সোমবার দিবাগত রাতে মৌলভী কেফায়েত উল্লাহর বাড়িতে ফয়সালকে চোর সন্দেহে আটক করা হয়। পরে তাঁকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয়। তাঁর পিঠের ওপর ইট রেখে মারধরের ঘটনাও ঘটে। মঙ্গলবার সকালেও তাঁকে মারধর করা হয়। পরে তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভিডিওতে কয়েকজন যুবককে খুঁটির সঙ্গে বাঁধা ফয়সালকে মারধর করতে দেখা যায়। তবে ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও এতে জড়িত প্রত্যেকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দ্রুত পুলিশ পাঠিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৌলভী কেফায়েত উল্লার ছেলে রিফাত মোহাম্মদ তকি নামের একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত পরিবারের পক্ষ থেকে এখনো মামলার এজাহার জমা দেয়নি। মামলা বিষয় প্রক্রিয়াধীন।