
নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্তর। শারীরিক অসুস্থতার কারণে আগামীকালই দেশে ফিরছেন অভিজ্ঞ এই ব্যাটার। এক বছরের বেশি সময় পর সংক্ষিপ্ত সংস্করণের দলে সুযোগ পেলেও ম্যাচ খেলার আগেই ছিটকে গেলেন বাঁহাতি এই টাইগার ব্যাটার।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট ও স্থানীয় মেডিকেল টিমের মূল্যায়নের পর শান্তর টুর্নামেন্টে খেলা অনিশ্চিত হয়ে পড়ে। এরপর তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যত দ্রুত সম্ভব পাওয়া ফ্লাইটে দেশে ফিরছেন তিনি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ কনটিনজেন্টের সিডিএম মেজর ইমরোজ আহমেদ (অব.) শান্তর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন এবং তার নিরাপদ যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, ‘শান্তর প্রচণ্ড জ্বরের সঙ্গে বমিও হচ্ছে। তাই তাকে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’জানা গেছে, অসুস্থতার কারণে আজ দলের সঙ্গে অনুশীলনেও যোগ দিতে পারেননি শান্ত।