
মো. সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২১ মে ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী মোট ৩৫ জন জেলেকে ১টি করে মোট ৩৫ টি বকনা বাছুর প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী।
এ সময় উপস্থিত উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহম্মেদ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ প্রমূখ।
বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেরা যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে তার উদ্দেশ্যে সরকার এ উপকরণ দিয়ে থাকেন। মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য সরকারি নির্দেশনা মেনে চলাসহ বিতরণকৃত গরুর বাছুরগুলো যন্ত্রের সাথে লালন পালন করে নিজের ভাগ্যের উন্নয়ন করতে জেলেদের প্রতি আহ্বান জানান তিনি।