মোঃ শাহ আলম, মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গল থানা পুলিশের সফল অভিযানে একাধিক মামলার পলাতক আসামি ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. আব্দুল্লাহ (৩৫) এবং তার সহযোগী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট।
শনিবার (১৪ জুন) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম রামনগর গাজিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আশিদ্রোন ইউনিয়নের গাজিপুর গ্রামের নুরুল হকের ছেলে। তিনি জিআর ৩৩৮/২৩ (শ্রীমঙ্গল) মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি ছিলেন। অনাদায়ে তার বিরুদ্ধে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।
তার সহযোগী আমজাদ হোসেন একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।