প্রতিবেদক- মুহসিন মিয়া শাহিন
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় কয়েক দিন ধরে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। আজ সকাল থেকেই আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। ১১ টার পর থেকে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে সূর্যের দেখা না মেলায় দিনের আলো অনেকটা ম্লান ছিল। মাঝে মাঝে দমকা হাওয়ার সাথে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি পড়তে দেখা যায়।
এর ফলে রাস্তাঘাট কাদামাটি আর পানিতে একাকার হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং বাজারে যাওয়া সাধারণ জনগণ।
শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন সড়কে দেখা গেছে জলাবদ্ধতা। বিশেষ করে মৌচাক রোড, শ্রীপুর বাজার এবং ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পাশে এবং মাওনা এলাকাগুলোতে পানি জমে ছোট ছোট খালপুকুরে পরিণত হয়েছে।
এদিকে স্থানীয় কৃষকরাও এই আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, এখন যেহেতু রোপা আমনের প্রস্তুতি চলছে, এই অসময়ে অতিরিক্ত বৃষ্টি মাঠের কাজ ব্যাহত করছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাবে গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত এমন আবহাওয়া বজায় থাকতে পারে বলেও জানানো হয়েছে।