আজীজুল রহমান,বাগেরহাট রিপোর্টার
আসন্ন এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রবিবার ২২ জুন ২০২৫ইং তারিখ বিকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আলহেরা ফাজিল মাদ্রাসার মিলনায়তনে উপজেলা পশ্চিম সাংগঠনিক শাখার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মোরশেদ আলম।
শাখা সেক্রেটারি হাফেজ ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল সিনান, খানজাহান শিল্পী গোষ্ঠীর পরিচালক সাইফুল ইসলাম, সেলিম মোড়ল ও দেলাওয়ার খান লাবিব।
প্রধান অতিথি মাওলানা মোরশেদ আলম তার বক্তব্যে পরীক্ষার্থীদের মনোযোগী হয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, "পরীক্ষা শুধু মেধার নয়, চরিত্রেরও পরীক্ষা। ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে।"
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনোবল ও নৈতিকতা বিকাশে নিয়মিতভাবে এমন আয়োজন করে থাকে ছাত্রশিবির। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়তা, নৈতিক দিকনির্দেশনা ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং সবার মাঝে উপহারস্বরূপ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।