মৌলভীবাজার:মোঃ শাহ আলম
মৌলভীবাজারের শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—
মোঃ ইয়াকুব মিয়া (২০), পীরগঞ্জ, রংপুর
মোঃ জাহাঙ্গীর আলম (২১), হেমু হাউতপাড়া, জৈন্তাপুর, সিলেট
মোঃ সালেহ আহমদ (২৩), হেমু ভেনপাড়া, জৈন্তাপুর, সিলেট।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ জুন) সকাল ৯টার দিকে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
অভিযানে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাওয়া যায়—
১,৯২,০০০ পিস ভারতীয় Gillette ব্লেড
৬০টি লেজার
মোট ৮৯৬৪ পিস/টিউব বিভিন্ন স্কিন ক্রিম
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, “আটককৃতরা এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা জানিয়েছে, সীমান্তবর্তী জৈন্তাপুর এলাকা থেকে এসব পণ্য সংগ্রহ করে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।”
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(বি)/২৫-ডি ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।