আজীজুল রহমান,রিপোর্টার বাগেরহাট
বাগেরহাটের মোংলায় চোরাচালান ও মাদক প্রতিরোধে যৌথবাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মোংলা-খুলনা মহাসড়কের ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে স্থাপন করা হয় একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট। সেখানে মোট ৭৭টি যানবাহনে তল্লাশি চালানো হয়।
চেকপোস্ট পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৌমিক ঘোষ এর নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি টিম এবং বাংলাদেশ পুলিশের ৩ সদস্যের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এ সময় বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
তল্লাশিকৃত যানবাহনের মধ্যে ছিল ৪৫টি মোটরসাইকেল, ১৭টি প্রাইভেট কার, ১১টি বাস এবং ৪টি ট্রাক। প্রতিটি যানবাহনকে থামিয়ে কাগজপত্র পরীক্ষা ও সন্দেহভাজন যাত্রী ও মালামালের উপর বিশেষ নজরদারি চালানো হয়।
উল্লেখ্য, মোংলা বন্দর ও এর আশপাশের এলাকায় চোরাচালান এবং মাদকদ্রব্য পরিবহনের ঝুঁকি কমাতে যৌথ বাহিনী নিয়মিত এমন তল্লাশি অভিযান পরিচালনা করে আসছে।
মাদক ও চোরাচালান রোধে এমন অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছে স্থানীয় সচেতন মহল।