সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা)
কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে। কৃষকদের চাহিদা অনুযায়ী গবেষনা ও তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি। আধুনিক কৃষি শুধু উৎপাদন নয়, এটি কৃষকের আয় বৃদ্ধি, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ সংরক্ষণেও সহায়ক।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় "পার্টনার কংগ্রেস" অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন কৃষি অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী।
তিনি বলেন, কৃষকের পরিশ্রমেই আমাদের খাদ্য নিরাপত্তা বজায় রয়েছে। তবে কৃষিকাজে বিষাক্ত কীটনাশক ব্যবহারে সতর্কতা জরুরি, কারণ এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
তিনি আরও জানান, বর্তমানে দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় এই পার্টনার প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে। এর আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস)’ মডেলের মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আধুনিক কৃষি এখন আর শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কৃষকের আয় বাড়ানো, পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতেও কার্যকর।ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান বলেন, “পিএফএস প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা যাতে প্যাকেজ প্রযুক্তির জ্ঞান অন্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দেন, সেটাই এই কংগ্রেসের মূল লক্ষ্য।
কৃষির যান্ত্রিকীকরণ, পুষ্টি সচেতনতা, বাজার ব্যবস্থাপনা ও ফার্মার সার্ভিস সেন্টার গঠনে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান।
প্রায় ২০০ জন কৃষক-কৃষাণী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কংগ্রেস পার্টনার প্রকল্পের প্রযুক্তি, কৌশল এবং টেকসই রূপান্তর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।