মোঃশাহ আলম,মৌলভীবাজার
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
বুধবার (২৫ জুন) রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ২৬ জুন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। মৌলভীবাজার জেলার চারটি প্রধান কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে—মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা এবং মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে প্রতিটি কেন্দ্রের ২০০ গজ এলাকার মধ্যে ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে উক্ত এলাকার ভেতরে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ব্যতীত অন্য কারও প্রবেশ নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষাকেন্দ্রের নির্ধারিত এলাকার মধ্যে কোনো ধরণের মাইক ব্যবহার, সভা-সমাবেশ, মিছিল কিংবা অস্ত্রশস্ত্র বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে, অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিয়মনিষ্ঠ পরিবেশে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে।