জিএম রাশেদ চাঁদপুর কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলায় নির্মম এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বসতঘরে ঢুকে ৬৫ বছর বয়সী মমতাজ বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামে। নিহত মমতাজ বেগম ওই গ্রামের বাসিন্দা বাচ্চু কোম্পানির স্ত্রী। ঘটনার সময় তিনি একাই ছিলেন বাড়িতে।
আজ সকালে মরদেহ উদ্ধার করে কচুয়া থানা-পুলিশ।
পরিবার ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে মমতাজ বেগমের ছেলে সোহেল প্রধানিয়া বাসায় ফিরে তার মাকে খুঁজে পাননি।
বাসার দরজা খোলা এবং ঘরের ভেতরে রক্তাক্ত চিহ্ন দেখে সন্দেহ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে রান্নাঘরের পাশের পাতার স্তূপের নিচে তার মায়ের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা মিলন হোসেন জানান, ঘরের প্রতিটি কক্ষে এবং বাইরে রক্তের দাগ ছিল। এমনকি একটি রক্তাক্ত বটিও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাথরুমের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা ঘরে ঢুকেছিল।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি প্রথমে ডাকাতির ঘটনা মনে হলেও ঘর থেকে তেমন কিছু খোয়া যায়নি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।
এই ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া ও আতঙ্ক।