আজিজুল রহমান,রিপোর্টার, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একটি মাইক্রোবাসে থাকা ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০) ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে খুলনার দিকে যাচ্ছিল। ডিবি পুলিশ মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৪টি ৭.৬২ মি.মি. চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করে।
আটককৃতরা হলেন—
কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) এবং প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)।
তাদের সবার বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়।
জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা এসব ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ জন দুস্কৃতকারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনায় ছিল।”
তিনি আরও জানান, আটককৃতদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।