প্রতিবেদক মুহসিন মিয়া শাহিন
শ্রীপুরে ভগবান জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৫ অত্যন্ত আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। ২৭ জুন, শুক্রবার আয়োজিত এই রথযাত্রা উপলক্ষে শ্রীপুর পৌর এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার মানুষের ঢলে মুখরিত হয় শহরের বিভিন্ন এলাকা।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও শোভাযাত্রাটি মাষ্টার বাড়ি থেকে শুরু হয়ে পৌর মন্দিরে গিয়ে শেষ হয়। এই যাত্রায় প্রায় ২ হাজার ভক্ত-অনুসারী অংশ নেন। পরে ৫ জুলাই, শনিবার উল্টো যাত্রার মাধ্যমে উৎসবের সমাপ্তি টানা হবে।
উৎসবের দিন ছিল কীর্তন অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে ভরপুর। সব শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষ নির্বিশেষে এই উৎসবে অংশ নেন। আয়োজকদের একজন শ্রী কৃষ্ণ বাসফোর বলেন, “এই দিন সকল পাপ মুছে যায় – এমনই বিশ্বাস নিয়ে আমরা রথযাত্রা পালন করি। শান্তি ও শৃঙ্খলার বার্তা ছড়িয়ে দিতে এ উৎসবের আয়োজন।”
বিশ্বের ১৫৬টি দেশে পালিত হয় এই রথযাত্রা উৎসব, যা আন্তর্জাতিকভাবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। শ্রীপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এ উৎসব আরও বর্ণিল হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান আয়োজনে ছিলেন শ্রী বিনয় বসফোর, যিনি শ্রীপুর বাজার পৌর সর্বজনীন রথযাত্রা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক সদস্য শ্রী দুলাল চৌহাস এবং বিণয় বাসফোর সহ সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ।