মোঃনজরুল ইসলাম রাজা,ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন এলাকায় বাবুই পাখির শতাধিক ছানা হত্যার ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২৭ জুন ২০২৫ তারিখ, একটি তালগাছ কেটে ফেলা হলে ওই গাছে থাকা বাবুই পাখির শতাধিক বাসা ধ্বংস হয়। এতে ছানা ও ডিম পানিতে পড়ে মারা যায় বা ভেঙে যায়। পাখির আশ্রয় ও প্রজননস্থল হিসেবে পরিচিত এ গাছ কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক জনসচেতনতা তৈরি হয়। এরপর ২৯ জুন মামলার পর বরিশাল রেঞ্জের ডিআইজি ও ঝালকাঠির পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল মাত্র ৩ ঘণ্টার মধ্যে ১ নম্বর এজাহারভুক্ত আসামি মো. মোবারক ফকির (৬৫) কে পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেফতার করে।
ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।