আজিজুল রহমান, রিপোর্টার বাগেরহাট
বাগেরহাট জেলার ফকিরহাটে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের ব্রহ্মডাঙ্গা এলাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান মিশন, এসআই (নিঃ) মানিক রাজবংশী এবং এসআই (নিঃ) মোঃ শিবলী নোমানী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালিত হয়।
এ সময় ব্রহ্মডাঙ্গা এলাকার মধু বসুর মুদি দোকানের সামনে পাকা রাস্তার পাশ থেকে মোঃ নূর ইসলাম (৩৫), পিতা-মোঃ আইয়ুব মাতব্বর, মাতা-হাসিনা বানু, সাং-ব্রহ্মডাঙ্গা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট—কে আটক করা হয়।
তার হেফাজত থেকে ২১০ (দুইশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
ফকিরহাট মডেল থানার ইনচার্জ জানান, “মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই অভিযান মাসব্যাপী চলমান থাকবে।”
উল্লেখ্য, ফকিরহাট এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালান ও সেবনের গোপন রুট হিসেবে চিহ্নিত হয়ে আসছে। তাই পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।