প্রতিবেদক (মুহসিন মিয়া শাহিন)
গাজীপুরের শ্রীপুরে বাল্যবিবাহ প্রতিরোধে গিয়ে হামলার শিকার হয়েছেন শ্রীপুর উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য ও উপজেলা নারী ও শিশু কল্যাণ সমিতির সভাপতি মোঃ মেহেদী হাসান আশিক।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে আশিক জানতে পারেন, পৌর এলাকার একটি ভাড়াটিয়া বাসায় একটি বাল্যবিবাহ সম্পন্ন করার প্রস্তুতি চলছে। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন এবং বাল্যবিবাহ বন্ধে উদ্যোগ নেন।
এ সময় স্থানীয়ভাবে পরিচিত ভুয়া কাজী জুয়েল মাষ্টার ও তার সহযোগী ছাপ কাজী মাইনউদ্দিন, যিনি পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে কাজী হিসেবে দায়িত্ব পালন করছেন বলে পরিচয় দেন, তারা হঠাৎ করে আশিকের ওপর অর্তকিতভাবে হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত আশিককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীপুর উপজেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “মেহেদী হাসান আশিকের ওপর এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, বাল্যবিবাহ প্রতিরোধে যারা এগিয়ে আসছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় সমাজে এই অন্যায় আরও বাড়বে।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।