ইবি প্রতিনিধি
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি, অশ্লীল আচরণ ও শারীরিক গঠন নিয়ে অশ্লীল মন্তব্যসহ নানা অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
শনিবার (৫জুন) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. মনজুরুল হকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২০(বিশ) কার্যদিবসের মধ্যে উপাচার্য বরাবর তদন্ত রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে।
আল- ফিকহ ও ল বিভাগের আধ্যাপক ড. মোহাম্মদ নাজিমুদ্দিন কে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড.মোঃ ফখরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার ও আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন বলেন, অফিস থেকে চিঠি দিয়েছে। আমি অবগত হয়েছি।তদন্ত একটি আইনি প্রক্রিয়ার অংশ। সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা সম্ভব হলে আশা করি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারবো।