নিজস্ব প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের বাগবাড়ী গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজা ফ্যাশন পর্যন্ত সংযোগকারী প্রধান সড়কটি আজ একটি চরম জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে।
প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করেন। বাগবাড়ী ও আশপাশে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস, এবং অন্তত ১০টিরও বেশি পোশাক কারখানা রয়েছে। অথচ রাস্তাটির বেহাল অবস্থা বহুদিন ধরেই ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বর্ষাকালে এই সড়কে চলাফেরা করা রীতিমতো মৃত্যুঝুঁকির শামিল। প্রতিদিন গড়ে ২০-২৫ জন মানুষ ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন—কারো হাত ভাঙছে, কারো পা। ব্যবসায়ীরা দোকানে বসে অথৈ কাদায় গ্রাহকশূন্য দিন পার করছেন।
স্থানীয়রা জানান, তারা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন, লিখিত অভিযোগ জমা দিয়েছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় জনগণ ও ভুক্তভোগীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো অনুরোধ—ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে এই গুরুত্বপূর্ণ সড়কটি পুনঃনির্মাণ বা সংস্কার করা হোক, যাতে প্রতিদিনের এই মৃত্যুফাঁদ থেকে মানুষ মুক্তি পায়।
“জনগণের ট্যাক্সের টাকায় চলা প্রশাসনের কাছে আমাদের শুধু একটা রাস্তাই চাওয়া।” — এক হতাশ স্থানীয় বাসিন্দা।