প্রতিবেদন: মুহসিন মিয়া শাহিন
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজারের রেললাইনের পূর্ব পাশে গড়ে উঠেছে এক চায়ের জনপ্রিয় আসর—“আব্দুল বাতেন স্পেশাল মালাই চায়ের আড্ডা”। এই চায়ের দোকান এখন শুধুমাত্র চা পানের জায়গা নয়, এটি হয়ে উঠেছে আশেপাশের এলাকার মানুষের মিলনমেলা।
দোকানের পরিচালক দিল মোহাম্মদ জানান, দুই বছর আগে তিনি চায়ের ব্যবসা শুরু করেন। শুরুটা ছিল সাদামাটা, কিন্তু আজ সেই চা বিক্রি করেই তিনি হয়েছেন স্বাবলম্বী।
তিনি জানান, প্রতিদিন আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসে তার দোকানে চা খাওয়ার জন্য। দোকানে পাওয়া যায় নানা স্বাদের চা— স্পেশাল মালাই চা, দুধ চা, সুগন্ধী রঙ চা সহ আরও অনেক কিছু।
চা বিক্রির পাশাপাশি তিনি পুঁরি, সিঙ্গারা, বেগুনি সহ বিভিন্ন ভাজাপোড়া বিক্রি করছেন, যা স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়।
ব্যবসায়ী দিল মোহাম্মদ বলেন, চা বিক্রি করেই আজ পরিবার চালাচ্ছি। সুনামের সাথে ব্যবসা করছি। আমি চাই, দেশের প্রতিটি বেকার যুবক নিজের উদ্যোগে কিছু একটা শুরু করুক। যে কোনো ভালো কাজে পরিশ্রম করলে সফলতা আসবেই ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, পরিবারের সকল দায়িত্ব এখন তিনিই বহন করছেন। সকলে যদি উৎসাহ এবং ভালোবাসা দিয়ে পাশে থাকে, তবে তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণ করতে চান।
এই চায়ের দোকান এখন শুধু একটি ব্যবসা নয়, এটি প্রমাণ করে দিয়েছে—উদ্যোগ আর শ্রমের মাধ্যমে বেকারত্বকে জয় করা সম্ভব।