
ধামরাই (ঢাকা) প্রতিনিধি : মাত্র ১৩ বছরের কিশোর মো. সিফাত। ফুটবল খেলা, কবুতর পালন আর ফুল-ফলের গাছের যত্ন নেওয়া তার প্রিয় কাজ। স্কুল তার খুব পছন্দ—জীবনকে ভালোবাসে সে। কিন্তু এই জীবনেই বাসা বেঁধেছে নির্মম এক অন্ধকার—মরণব্যাধি ক্যান্সার।
সিফাতের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আড়ালিয়া গ্রামে। বাবা লুৎফর রহমান ও মা লাকী আক্তারের একমাত্র সন্তান সে। সাভারের ‘নুর সাভার মডেল একাডেমি’র অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উঠলেও নিয়মিত ক্লাসে যেতে পারে না, কারণ স্কুলে গেলে তার মাথা ব্যথা ও জ্বর হয়।গত তিন বছর ধরে সিফাত ‘বোন মেরো ক্যান্সারে’ (Bone Marrow Cancer) আক্রান্ত। দেশের চিকিৎসা ছাড়াও তাকে নেওয়া হয়েছে ভারতের কলকাতার টাটা মেডিকেল সেন্টারে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, সিফাতকে সম্পূর্ণ সুস্থ করতে হলে করতে হবে ‘বোন মেরো ট্রান্সপ্লান্ট’।
এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩৩ লাখ টাকা।সিফাতের পরিবার এরইমধ্যে তাদের সমস্ত আয় ও সহায়-সম্পদ চিকিৎসার পেছনে ব্যয় করেছে। ভিটেমাটি ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। দাদা, বাবা—সবাই চেষ্টা করছেন প্রিয় সিফাতকে বাঁচাতে। প্রবাসে থাকা বাবার উপার্জন এখন শুধুই ওষুধ আর পরীক্ষা-নিরীক্ষার পেছনে চলে যাচ্ছে। এত বড় অর্থ জোগান দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।সিফাতের দাদী বলেন, সহায়-সম্বল যা ছিল, সবই চিকিৎসায় খরচ হয়ে গেছে। এখন শুধু মানুষের সহানুভূতিই আমাদের ভরসা।মা লাকী আকতার বলেন, আমার ছেলে পড়ালেখায় ফিরতে চায়, ফুটবল খেলতে চায়, বাঁচতে চায়। আমরা আর কিছু চাই না, শুধু ওকে বাঁচাতে চাই।স্থানীয়ভাবে সিফাতের জন্য সহায়তার আহ্বান জানানো হচ্ছে।
ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ বলেন,দশের লাঠি একের বোঝা। সবাই এগিয়ে এলে সিফাতের দুরন্তপনা আবার ফিরিয়ে আনা সম্ভব। বিত্তবানদের সহযোগিতা আল্লাহর রহমতে পারে একটি শিশুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে।দেশবাসীর প্রতি সিফাতের পরিবার ও স্থানীয়দের আবেদন—আসুন, এই ফুটবলপ্রেমী কিশোরের পাশে দাঁড়াই। তাকে একটি নতুন জীবন উপহার দিই।