নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তানিয়া আক্তার(২৯) নামে এক প্রবাসী নারীর ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২ আগস্ট) ভোরে তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের যাত্রামুড়া এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।তানিয়া বরগুনা জেলার আমতলী থানার মল্লিকবাড়ির এলাকার আলী হোসেনের মেয়ে। তিনি যাত্রামুড়া এলাকার লতিফ ভুইয়ার বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা জানান, গত এক বছর আগে তানিয়া প্রবাস থেকে দেশে ফিরেন। দেশে এসে পোশাক কারখানায় চাকরি নেওয়ার চেষ্টা করতে থাকেন। প্রবাসে যাওয়ার আগেও তানিয়া পোশাক কারখানাতেই চাকরি করতেন।
শনিবার ভোরে প্রতিবেশীরা জানালা দিয়ে তানিয়ার মরদেহ ইলেকট্রিক ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করা হয়।রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, স্থানীয় জনতার কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।