নিজস্ব প্রতিনিধি:
আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে বাগবাড়ি সড়কে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতার সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভূঁইয়া ও স্থানীয় বাসিন্দারা। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তাঁদের এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বিশেষ করে বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এর মূল কারণ হিসেবে উঠে এসেছে আশুলিয়ার সরকারি নয়নজুলি খালের অবৈধ দখল। এ বিষয়ে ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভূঁইয়া বলেন,
“ফ্যান্টাসি কিংডমসহ আশেপাশের প্রভাবশালীরা নয়নজুলি খালটি দখল করে রেখেছেন। ফলে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়ে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।”
তিনি আরও বলেন,“ড্রেনগুলো বন্ধ হয়ে পড়ায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তাই এলাকাবাসী একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমে ড্রেন পরিষ্কার ও সচল করার কাজ শুরু করেছি।”
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন,
“সরকারি উদ্যোগের অপেক্ষা না করে যেভাবে ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভূঁইয়া ও এলাকাবাসী কাজ শুরু করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এমন উদ্যোগ সমাজে পরিবর্তনের পথ দেখায়।”
এদিকে জনস্বার্থে নয়নজুলি খালটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।