জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১৪ আগস্ট ২০২৫ তারিখে বাগেরহাট জেলার বাগেরহাট সদরের রায়পাড়া বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু সচেতনতা বিষয়ক আন্তঃইউনিয়ন বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।
এবারের প্রতিযোগিতার বিষয় ছিল— “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক”। প্রতিযোগিতায় উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেরা ৬টি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা অংশ নিয়ে শক্তিশালী যুক্তি, সাবলীল উপস্থাপনা এবং পরিসংখ্যানভিত্তিক তথ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আয়োজক প্রতিষ্ঠান বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। সেরা বক্তার পুরস্কার অর্জন করেন বারুইপাড়ার শিক্ষার্থী ।
আয়োজক কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শুধু বিতর্ক দক্ষতা বাড়ায় না, বরং সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধও জাগিয়ে তোলে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং পরিবেশ রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উপস্থিত সবাই জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।