মুহসিন মিয়া শাহিন (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার দূর্লভপুর মধ্যপাড়া ফ্যাক্টরিসংলগ্ন মাঠে আজ শুক্রবার সকালে এক মানবিক উদ্যোগের আয়োজন করা হয়। সারিবদ্ধ চেয়ারে বসে ছিলেন কয়েকটি মাদরাসার কোমলমতি শিক্ষার্থী, তাদের পাশে জড়ো হয়েছিলেন দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও প্রবীণ মানুষ। সবার উদ্দেশ্য এক—বিএনপির উদ্যোগে নতুন বস্ত্র গ্রহণ।
নতুন কাপড় হাতে পেয়ে উপচে পড়া আনন্দ প্রকাশ করেন তারা। পাশের ডালেশহর গ্রামের আমেনা খাতুন হাতে পাওয়া শাড়ির ভাঁজ খুলে উচ্ছ্বাস ভরে বলেন, “শাড়িখান অনেক সুন্দর। আমি অনেক খুশি অইছি।”
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক অসহায় মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, “একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হয়েছিল।
প্রতিহিংসার বশে তাঁকে পরিত্যক্ত ভবনে আটকে রেখে বিনা চিকিৎসায় অসুস্থ করা হয়। আমাদের ধারণা, তাঁকে সেখানে বিষ প্রয়োগ করা হয়েছিল, যার ফলে তাঁর লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোক্তারুল করিম মোড়ল শামিম, মোঃ মাসুদ সরকার শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য , মোঃ আজিজুল হক রতন ফকির আহবায়ক শ্রীপুর উপজেলা বিএনপি সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন পোশাক হাতে নিয়ে দুস্থদের মুখে যে হাসি ফুটে উঠেছে, সেটিই যেন এ আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।