আশুলিয়া প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই সাভারের আশুলিয়ায় ৭১ টেলিভিশনের প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিকের ওপর অতর্কিত হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে সাংবাদিক সমাজে।
এর প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে আশুলিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হান্নান মানববন্ধনে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আশুলিয়ায় ৭১ টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আর সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবী জানাই।
এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী ও সাংবাদিকগণ