সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে তাচ্ছিল্য নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাদা পাথর জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
ওই কিশোরী সিলেট নগরীর জল্লারপাড় এলাকার বাসিন্দা প্রলয়ের মেয়ে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া কিশোরীর বাবা প্রলয় জানান, আগে থেকেই মেয়ের হার্টের সমস্যা ছিল। দুপুর ১২টার দিকে তাচ্ছিল্যসহ পরিবারের সবাইকে নিয়ে সাদাপাথর বেড়াতে যান তিনি। একপর্যায়ে তারা সবাই সাদাপাথরে হাঁটু পানিতে গোসল করতে নামেন। হঠাৎ তাচ্ছিল্য মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মারা যাওয়া কিশোরীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।